এশিয়া

ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

টোকিও, ২৬ এপিল – জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী সপ্তাহে ফ্রান্স, ব্রাজিল এবং প্যারাগুয়ে সফর করবেন। ল্যাটিন আমেরিকার সঙ্গে জাপানের সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফরে যাচ্ছেন।

ফুমিও কিশিদার দপ্তর জানায়, ছয়দিনের এ সফরে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং ব্রাজিলের নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি নিয়মিত ব্রিফিংয়ে বলেন, এ বছর ব্রাজিল জি-২০’র এবং পেরু এপেক্সের সভাপতিত্ব করছে। ফলে এটি হচ্ছে ল্যাটিন আমেরিকার বছর এবং বিশ্বের মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দু। জাপান ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার সুযোগ কাজে লাগাতে চায়। খবর এএফপি’র।

জাপানি বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানায়, লুলার সঙ্গে বৈঠকে কিশিদা দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে ডি-কার্বনাইজেশন এবং পরিবেশগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা চুক্তির আশা করা হচ্ছে।

ফুমিও কিশিদার দপ্তর আরো জানায়, ব্রাজিলে সফরের আগে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান বিষয়ে আলোচনায় নেতৃত্ব দিতে কিশিদা ফ্রান্সে ওইসিডির বৈঠকে যোগ দেবেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৬ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language