কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়

ঢাকা, ০২ এপিল – বিপুল অর্থ-সম্পদের তথ্যে গণমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে নিয়ে প্রতিবেদনের পর চলছে আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পুলিশের সাবেক এই আইজিপি।
মঙ্গলবার (২ এপ্রিল) ফেসবুক পোস্টে তিনি সবাইকে ক্ষিপ্ত, উত্তেজিত না হয়ে একটু ধৈর্য ধরার পরামর্শ দেন।
লিখেন, ‘দুয়েকজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য ধরুন। ঘোষণাই তো আছে ‘কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়’।’
গত ৩১ মার্চ ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এতে পুলিশ এবং র্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ-সম্পদের তথ্য উঠে আসে।
বিষয়টি নিয়ে পরে আরও কিছু গণমাধ্যমে প্রতিবেদন হয়। পাশাপাশি সামাজিক মাধ্যমগুলোতেও বেনজীর আহমেদকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপরই বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন তিনি। পোস্ট নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই কমেন্টের ঘরে মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, ‘আপনার বক্তব্যের অপেক্ষায় রইলাম।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ এপিল ২০২৪









