সংগীত

কলকাতার ছবিতে কণ্ঠ দিয়ে প্রশংসায় ভাসছেন মাহতিম শাকিব (ভিডিও)

কলকাতা, ১ জানুয়ারি- রবীন্দ্রসঙ্গীতসহ বেশ কয়েকটি পুরোনো গান গেয়ে ভাইরাল হয়েছিলেন মাহতিম শাকিব। এরপর বেশ কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এবার গান গাইলেন কলকাতার ছবিতে। গানটি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন মাহতিম।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, চন্দ্রবিন্দু ব্যান্ডের অনিন্দ্য চট্টোপাধ্যায় ‘প্রেম টেম’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এ ছবিতে ‘তাকে অল্প কাছে ডাকছি’ শিরোনামের একটি গেয়েছেন মাহতিম শাকিব। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শিবব্রত বিশ্বাস। সম্প্রতি গানটি প্রকাশ হতে না হতেই কলকাতার শ্রোতাদের প্রশংসায় ভাসছেন মাহতিম শাকিব।

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের এ ছবিতে অভিনয় করছেন তিন নবাগত সৌম্য, সুস্মিতা ও শ্বেতা। গত পূজায় সংবাদ প্রতিদিনের পূজা সংখ্যায় নিজের লেখা ‘বকলস’ নামের উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মাণ করছেন অনিন্দ্য।

প্রথম ছবি ‘ওপেন টি বায়োস্কোপ’ নির্মাণ করে পরিচালক হিসেবে প্রশংসিত হয়েছেন চন্দ্রবিন্দুর ভোকাল ও গীতিকার। এরপর তিনি নির্মাণ করেন ‘প্রজাপতি বিস্কুট’ চলচ্চিত্রটি। সর্বশেষ ২০১৮ সালে তিনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা থেকে তৈরি করেছিলেন ‘মনোজদের অদ্ভুত বাড়ি’।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/১ জানুয়ারি

 


Back to top button
🌐 Read in Your Language