গাজীপুর

এবার লক্ষাধিক লোক নিয়ে আ. লীগের সমাবেশে থাকবেন জাহাঙ্গীর আলম

গাজীপুর, ২৫ অক্টোবর – রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য ২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে গাজীপুর থেকে লক্ষাধিক লোক নিয়ে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এজন্য কয়েক হাজার গাড়ির বহর নিয়ে ঢাকায় যাবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর সিটির সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।

জাহাঙ্গীর আলম জানান, ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে লক্ষাধিক লোক নিয়ে ঢাকায় যাব। তাদের যাতায়াতের জন্য এরইমধ্যে কয়েক হাজার গাড়ি চুক্তি করা হয়েছে। ওই দিন সকালে গাজীপুর থেকে এসব যানবাহনে সবাইকে নিয়ে ঢাকার সমাবেশে যোগ দেব ইনশাআল্লাহ। বাসের পাশাপাশি কয়েকশ প্রাইভেট কার ও মাইক্রোবাসও ঢাকায় যাবে।

জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার ও মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে ক্ষমা করা হয়। গেল সিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে তার মায়ের পক্ষে কাজ করেন। তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মা মেয়র নির্বাচিত হন। বর্তমানে জাহাঙ্গীর আলম তার মায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সম্প্রতি জাহাঙ্গীর আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া শাস্তি ক্ষমা করে দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।

ক্ষমা পাওয়ার পর তিনি মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সভা করে ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদান করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রচারণাও চালাচ্ছেন তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ২৫ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language