গাজীপুর

গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে-কুপিয়ে হত্যা, বন্ধু আটক

গাজীপুর, ২১ অক্টোবর – গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় মাছ ধরে ফেরার পথে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের এক বন্ধুকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাঙ্গালগাছ বাঁশ পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) এবং তার ভাই মো. শুক্কুর আলী (২৫)। তারা গাজীপুর মহানগরীর বাঙালগাছ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত শফিকুলের স্ত্রী সুমাইয়া বলেন, ‌আমার স্বামী শফিকুল ইসলাম বলাকা বাসের হেলপার ছিলেন। বিকেলে বাসা থেকে বরশি দিয়ে মাছ ধরতে যান তিনি। রাসেল নামে একজন এসে খবর দেয় আমার স্বামী মারামারি করছে। খবর পেয়ে এসে দেখি আমার স্বামী ও দেবরকে মেরে ফেলেছে।

তিনি আরও বলেন, আমার স্বামীর সঙ্গে কাঠের দোকানদার হিমেল ও তার ভাই সুমনের টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। কয়দিন আগে তাদের সঙ্গে মারামারি করছে।

মারপিটে দুই ভাই নিহতের খবরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আলামত সংগ্রহসহ ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ, সিডিআই ও পিবিআই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখান থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ), আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, নিহতদের নামে ছিনতাইয়ের মামলা রয়েছে। কয়েকদিন আগে তারা জেল থেকে ছাড়া পেয়েছেন। আর্থিক লেনদেন নাকি পূর্ব বিরোধের জের ধরে এই জোড়া হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language