এটিএম শামসুজ্জামানের কাছে মৌসুমীর আবদার

ঢাকা, ১১ অক্টোবর- বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে তার বাসায় দেখতে বৃহস্পতিবার গিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানী। এ সময় মৌসুমী তার কাছে একটি আবদার করেন।
মৌসুমীর সাধ, এটিএম শামসুজ্জামানের লেখা একটি চিত্রনাট্যে অভিনয় করবেন তিনি। মৌসুমী তার এ ইচ্ছার কথা এটিএম শামসুজ্জামানকে জানান। মৌসুমীর সেই সাধ পূরণ করবেন বলে কথা দিয়েছেন তিনি।
বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকার পর এখন সুস্থ এটিএম শামসুজ্জামান। তবে করোনার কারণে এতদিন ইচ্ছা থাকলেও প্রিয় এ তারকার সঙ্গে দেখা করতে পারেননি ওমর সানী ও মৌসুমী।
ওমর সানী ফেসবুকে লেখেন, ‘আমি সবসময় মনে করি– চলচ্চিত্রের একজন দার্শনিক মানুষ, অসম্ভব জ্ঞানের অধিকারী এটিএম সাহেব। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৌসুমীকে নিয়ে তাকে দেখতে যাওয়ারও চেষ্টা করছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে বেশ দেরি হয়ে গেল। অবশেষে তাকে দেখে ভালো লাগছে।’
আরও পড়ুন: এবার ধর্ষণের বিরুদ্ধে মুখ খুললেন শাকিব খান
এটিএম শামসুজ্জামানের বাসা সূত্রাপুরে। সেখানে প্রায় ঘণ্টাখানেক এই অভিনেতার সঙ্গে আড্ডা দেন তারকা দম্পতি। তার কাছে মৌসুমীর আবদার প্রসঙ্গে ওমর সানী লিখেছেন– ‘তার এত আদর, ভালোবাসা ও স্নেহ ভোলার মতো নয়। মৌসুমী তার কাছে আবদার করল একটি চিত্রনাট্যের। মৌসুমীর অনেক দিনের শখ, তার স্ক্রিপ্টে ছবি বানাবে। তিনি শোনার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন।’
আডি/ ১১ অক্টোবর









