‘জয় বাংলা’ স্লোগান কারও একার সম্পত্তি নয়, সবার

ঢাকা, ১৫ জুলাই – নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান কারও একার সম্পত্তি নয়, এটা আমাদের সবার স্লোগান।
শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০-এর আলোকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের আন্দোলনকে শক্তিশালী ও বিস্তৃত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আইভী বলেন, আপনারা কেউ জয় বাংলা বলতে দ্বিধা করবেন না। এটা আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। জয় বাংলা সবার। এটা আমাদের সবার স্লোগান। এ কথাটা মাথায় রাখবেন।
তিনি বলেন, জয় বাংলা রণাঙ্গনের, কৃষক মজুরের ও আমজনতার স্লোগান। আপনার আমার মতো নারীর স্লোগান। যেই স্লোগান ওই সময় সাহস জোগাতো। সেই স্লোগান দিয়ে একদম মাঠে নেমে পড়বেন।
নারীপক্ষের সদস্য ড. ফেরদৌস আজীমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ঈমাম, কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ জুলাই শুরু হওয়া এ সম্মেলনে সারাদেশের ২০০ নারীসহ বিভিন্ন পর্যায়ের ৩০০ নারী অধিকারকর্মী অংশগ্রহণ করেন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৫ জুলাই ২০২৩







