বেলারুশ পৌঁছেছে ওয়াগনার বাহিনী

কিয়েভ, ১৫ জুলাই – ইউক্রেনের সীমান্ত রক্ষী সংস্থা নিশ্চিত করেছে যে, প্রতিবেশী রাশিয়ার থেকে ভাড়াটে ওয়াগনার যোদ্ধারা এখন বেলরুশে এসে পৌঁছেছে। এদিকে শনিবার স্থানীয় সময় ভোরে আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রায় ৬০টি গাড়ির একটি বহরকে সীমান্ত পার হয়ে বেলারুশে প্রবেশ করতে দেখা গেছে। বেলারুশের অসমর্থিত একটি টেলিগ্রাম চ্যানেলের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্ত রক্ষী সংস্থা ডিপিএসইউ বলেছে যে,ইউক্রেনের সীমান্তবর্তী দেশ বেলারুশে ওয়াগনারের কতজন ‘যোদ্ধা’ এসে পৌঁছেছে তা পরিমাপ করছে তারা। এই যোদ্ধদের সঠিক অবস্থান এবং তাদের লক্ষ্য কী , তাও তারা যাচাই করছে ।
শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বেলারুশে ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন ডিপিএসইউয়ের মুখপাত্র অ্যান্ড্রি দেমচেঙ্কো। তিনি বলেন, ইউক্রেনের সীমান্ত রক্ষীরা দেশের দক্ষিণের সীমান্তজুড়ে ‘চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ‘। এ সময় এর বিস্তারিত আর কিছু জানান নি তিনি।
এদিকে শনিবার সকালের দিকে বেলারুশের বিরোধী পক্ষের এক বিশিষ্ট ব্লগার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল ‘বেলারুস্কি হাজুন’ প্রতিবেদনে জানায় যে, রাশিয়া থেকে ওয়াগনার গ্রুপের একটি বড় গাড়ি বহর বেলারুশে প্রবেশ করেছে। চ্যানেলটি আরও বলেছে যে, ওয়াগনারের এই গাড়ি বহরের মধ্যে পিকআপ , লরি এবং বাস রয়েছে। সেগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল বেলারুশের ট্রাফিক পুলিশ। ওই গাড়ি বহর রাজধানী মিনস্ক থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ‘ওসিপোভিচ’ শহরের দিকে যাচ্ছিল।
এদিকে উগ্রবাদী হিসেবে দেখা চ্যানেল ‘বেলারুস্কি হাজুন’-এর এমন দাবির কোনো প্রতিক্রিয়া জানায় নি বেলারুশ কর্তৃপক্ষ। তবে এর আগের দিন শুক্রবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, ওয়াগনার সেনারা তাদের দেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে মিলে সামরিক প্রশিক্ষক হিসেবে কাজ করছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৫ জুলাই ২০২৩









