পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

কলকাতা, ২৩ এপ্রিল – ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মোট ২৯৪টি আসনের মধ্যে দুই ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে যা বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

প্রথম দফায় যে জেলাগুলোতে ভোট নেওয়া হচ্ছে সেগুলো হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। প্রথম দফার এই ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে ১ হাজার ৫২৫ জন মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এই সংখ্যক প্রার্থী। সবচেয়ে বেশি ১৫ জন করে প্রার্থী লড়ছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে। নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এরপর ৪ মে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

এস এম/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language