ইউরোপ

‘চুক্তি ছাড়া’ ব্রেক্সিট: সমুদ্রে প্রস্তুত ব্রিটেনের নৌ-বাহিনী

লন্ডন, ১২ ডিসেম্বর- ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তি ছাড়াই ব্রেক্সিট হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় ব্রিটেনকে রক্ষায় সমুদ্রসীমার অদূরে সতর্ক অবস্থান করবে দেশটির নৌ-বাহিনীর একাধিক টহল নৌকা। শনিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্যা ইন্ডিপেন্ডেন্ট।

বিবৃতিতে বলা হয়, চুক্তি যদি না হয় তবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করতে পারবো। সেই লক্ষে সব প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। তারই অংশ হিসেবে সমুদ্র সীমায় এ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এর আগে শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, ব্রেক্সিট আলোচনার মাঝে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি ছাড়াই ব্রেক্সিটের সব প্রস্তুতি নিতে মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার বরিস জনসন বলেন, আলোচনা এমন দিকে এগোচ্ছে যে মনে হচ্ছে চুক্তি ছাড়াই ব্রেক্সিটের দিকে এগোচ্ছি আমরা। চুক্তি না হওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ইইউ’র কয়েকজন নেতাকে দায়ী করে বলেন, এমন কিছু শর্ত দেয়া হয়েছে যা কখনোই মানা সম্ভব নয়।

আরও পড়ুন : কাবুল বিমানবন্দরের কাছে দফায় দফায় রকেট হামলা

চুক্তির বিষয়ে আলোচনার জন্য এ খবর লেখা পর্যন্ত আর ৪০ ঘণ্টা সময় রয়েছে দু’পক্ষের হাতে। অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্রেক্সিট বাস্তবায়নের তারিখ হলেও আগামীকাল রোববার (১৩ ডিসেম্বর) মুক্ত বাণিজ্য চুক্তির জন্য সময় আগেই বেধে দেওয়া ছিল। তাই সময় যত গড়াচ্ছে ততই চুক্তিহীন ব্রেক্সিটের সম্ভাবনা দেখা দিচ্ছে।

সূত্রঃ দ্যা ইন্ডিপেন্ডেন্ট
আডি/ ১২ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language