নাতিকে ১০ হাজার টাকায় বিক্রি করেন দাদি!

ঢাকা, ১১ এপ্রিল – মাত্র ৪৯ দিন বয়সী একটি ছেলে শিশুকে বিক্রি করে দেন তার দাদি। শিশুটির মায়ের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ নিজের বড় ছেলেকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করান মোছা. খুরশীদা ইসলাম খুশী। এসময় ৪৯ দিন বয়সী ছোট ছেলেও তার সঙ্গে ছিল। দ্বিতীয় বিয়ে করে খুশীর স্বামী কোথায় চলে গেছেন তা তিনি জানেন না। স্বামী চলে যাওয়ার পর শ্বাশুড়ির কাছেই ছিলেন খুশী।
হাসপাতালে বড় ছেলেকে ভর্তির করার পর পরিচয় হয় পাশের সিটের অন্য এক রোগীর পরিবারের সঙ্গে। ওই পরিবারের একজনের কোনো বাচ্চা নেই। শিশুটিকে পেতে খুশীর শাশুড়ি হোসনে আরা রিয়াকে টাকার লোভ দেখায় তারা। গত ২২ মার্চ খুশীকে কিছুই না জানিয়ে তার শাশুড়ি মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে ওই পরিবারের কাছে বিক্রি করে দেন। এরপর খুশীকে বাসায় আটকে রাখেন তার শাশুড়ি।
কৌশলে ছাড়া পেয়ে গত ৯ এপ্রিল খুশী মুগদা থানায় আসেন। তিনি বিষয়টি থানা পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেয় মুগদা থানা-পুলিশ। পরে মুগদা থানার একটি টিম অভিযোগের মাত্র ২ ঘণ্টার মধ্যে বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। এ বিষয়ে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সূত্র: আমাদের সময়
এম ইউ/১১ এপ্রিল ২০২৩









