জাতীয়

জামায়াতের কোনো ব্যাংক নেই, সংসদে জানালেন আব্দুল্লাহ মো. তাহের

ঢাকা, ৩০ এপ্রিল – জামায়াতে ইসলামীর কোনো ব্যাংক নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তাহের উল্লেখ করেন যে, জামায়াতের কোনো সংসদ সদস্য ইসলামী ব্যাংকের পরিচালক পদে নেই এবং তারা কোনো ঋণ পুনঃতফসিলও করেননি।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এক মন্তব্যের জবাবে তিনি বলেন, ইসলামী ব্যাংক একদল সৎ ও উদ্যোগী মানুষের প্রচেষ্টার ফসল ছিল এবং এর পরিচালনায় তাদের পূর্বতন ভূমিকার কথা তারা স্বীকার করেন।

রাজাকার বা আল বদর প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে এই নেতা বলেন, বর্তমান জামায়াত নেতৃত্বের কেউ রাজাকার ছিল না।

তিনি নিজেকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে বলেন, মুক্তিযুদ্ধের সময় সীমান্তে তার বাড়ি হওয়ায় তিনি শরণার্থীদের আশ্রয় ও আপ্যায়ন করেছেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর চলাচল পর্যবেক্ষণ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন।

বক্তব্যে তিনি অতীতের বিভিন্ন সরকারের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান সরকারকে সতর্ক করেন। তিনি বলেন, ইন্দিরা গান্ধী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের সময়কার ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপিকে সরকার গঠনে সমর্থন দিলেও পরে বিভিন্ন কারণে সম্পর্কে ফাটল ধরেছিল। বর্তমানে সরকারি দলের আচরণ অতীতের বিরোধী দলের ভূমিকার মতো মনে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি সংসদে ব্যবহৃত ভাষার সুরুচির ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রতিবাদ জানান।

এছাড়া বেগম খালেদা জিয়ার কারাবাসের সময় জামায়াতের নিষ্ক্রিয় থাকার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দলগতভাবে তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে সক্রিয় ছিলেন।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language