নাফ নদী থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার, ৩০ এপ্রিল – কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে মাছ ধরার সময় বাংলাদেশি সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বৃহস্পতিবার দুপুরে নাফ নদীর মোহনায় মাছ ধরে ফেরার পথে দুটি ডিঙি নৌকাসহ তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া ও মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল ফয়েজ জানিয়েছেন, জেলেরা সকালে সাগরে মাছ শিকারে গিয়েছিলেন এবং ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলেদের ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য অনুযায়ী গত দুই বছরে অন্তত ৪৫০ জন জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের মধ্যে ২৩০ জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও বাকিরা এখনো বন্দি অবস্থায় রয়েছেন।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬









