জাতীয়

রবিউলের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

ঢাকা, ২৪ মার্চ – ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় বাংলাদেশের পুলিশ পরিদর্শক হত্যাকাণ্ডের অন্যতম আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান। ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে। এর আগে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা গেছে, বাংলাদেশি অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রবিউল ইসলাম রবিউল এর নাম যুক্ত হয়েছে। ৩৫ বছর বয়সী রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশি।

রবিউল ইসলামের নাম যুক্ত হওয়ার প্রেক্ষিতে ইন্টারপোলের তালিকায় ৬৩ জন বাংলাদেশি অপরাধী সংস্থাটির রেড নোটিশের আওতায় রয়েছে। যারা বিভিন্ন দেশে অবস্থান করছে।

এর আগে, ২০১৮ সালে বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশের শাখা। পরবর্তীতে এ বিষয়টি ইন্টারপোল অবহিত হলে রেড নোটিশ জারি করে। তারই ধারাবাহিকতায় ইন্টারপোলের ওয়েবসাইটে যুক্ত হল রবিউল ইসলাম ওরফে আরাভের নাম।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৪ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language