জাতীয়

আজ বিকেলে নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৩০ জুন – নতুন অর্থবছরের (২০২৬-২৭) প্রথমার্ধের মুদ্রানীতি আজ মঙ্গলবার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি তুলে ধরবেন।

জুলাই থেকে ডিসেম্বর মেয়াদের জন্য প্রণীত এই নীতিমালায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক বা কঠোর অবস্থান বজায় রাখার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নীতি সুদহার বা রেপো রেট এবারও ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হতে পারে। তবে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে এটিই কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মুদ্রানীতি হতে যাচ্ছে।

জানা গেছে, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো এবং বিনিয়োগে গতি আনার পাশাপাশি ব্যাংক ঋণের ব্যয় নিয়ন্ত্রণে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হতে পারে। মূলত সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়ে বাজারে অর্থের সরবরাহ কেমন থাকবে, তার একটি রূপরেখা এই মুদ্রানীতিতে উপস্থাপন করা হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখাই এই নীতির মূল লক্ষ্য।

উল্লেখ্য যে, কেন্দ্রীয় ব্যাংক প্রতি ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করে থাকে যা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এনএন/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language