ব্যবসা

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা

ঢাকা, ৩০ জুন – দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হতে পারে। অলঙ্কার বিক্রির সময় ভ্যাট আগেই যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না।

এছাড়া অলঙ্কার পরিবর্তন বা এক্সচেঞ্জ এবং বিক্রির ক্ষেত্রে বাজুসের আগের নিয়মগুলো বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে দ্রুতই নতুন সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে গত ২৯ জুন সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। চলতি বছরে এ নিয়ে মোট ৮৪ বার সোনার দাম সমন্বয় করা হলো যার মধ্যে ৪১ বার বাড়ানো এবং ৪২ বার কমানো হয়েছে। বাকি ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এনএন/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language