বলিউড

‘এত দেরি করলাম কেন?’ বাবা হয়েও আক্ষেপ রণবীরের, সময় ফুরিয়ে আসছে

মুম্বাই, ১০ ডিসেম্বর – একের পর এক নায়িকার সঙ্গে প্রেম করে চলা রণবীর কাপুর থিতু হয়েছেন বেশ কিছু দিন আগেই। বিয়ে করেছেন সব শেষ বান্ধবী আলিয়া ভাটকে। তাদের কোলজুড়ে এসেছেন একটি কন্যা সন্তান। নাম তার রাহা। এখন এই রাহাকে ঘিরেই নতুন অধ্যায় রণবীরের।

বাবা হওয়ার পর জীবনই বদলে গেছে রণবীরের। সন্তানকে প্রথমবার কোলে নিয়ে কেঁদে ফেলেছিলেন যখন, সেই তখন থেকেই সব কিছু নতুন লাগে ‘ব্রহ্মাস্ত্র’ নায়কের। এমনও যে হয়, আগে কেন বুঝতে পারেননি! আফসোস অভিনেতার। সম্প্রতি সৌদি আরবে এক চলচ্চিত্র উৎসবে এসে মনের আগল খুললেন অভিনেতা।

৪০ বছর বয়সে বাবা হয়ে রীতিমতো আক্ষেপ করতে দেখা গেল অভিনেতাকে। আগেই তো বাবা হতে পারতেন! এত দেরি করলেন কেন? নিজেকেই দোষারোপ রণবীরের। বললেন, “ভাবছি, ভুল করে ফেললাম। আমার যখন ৬০ বছর বয়স হবে, আমার সন্তানদের বয়স ২০ বা ২১! এটা কি ঠিক হল? ওদের সঙ্গে ফুটবল খেলতে পারব তো আমি? দৌড়াতে পারব ওদের সঙ্গে?”

স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে সন্তানকে বড় করার দায়িত্বের কথাও বলেন রণবীর। তার কথায়, “আমি খুব বেশি কাজ করি না। বছরে ১৮০ থেকে ২০০ দিন বড়জোর। আমার থেকে আলিয়া অনেক বেশি ব্যস্ত। ওর অনেক কাজ। আমরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেব। ও যখন কাজ করবে আমি বিরতি নেব, আর আমি যখন কাজ করব ও হয়তো সামলে নেবে।”

‘শমশেরা’ থেকেও অনেক শিক্ষা নিয়েছেন বলে জানান রণবীর। নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করে জানান, পরিচালনায় আসবেন খুব শিগগিরই। নিজের ছবিতেই অভিনয় করবেন এরপর, এমনটিই ইচ্ছা তার।

আইএ/ ১০ ডিসেম্বর ২০২২

Back to top button
🌐 Read in Your Language