টলিউড

চলে গেলেন নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ

কলকাতা, ০৪ ডিসেম্বর – নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ আর নেই। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে অভিনেত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন কলকাতার বিশিষ্ট এ মঞ্চ অভিনেত্রী। শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শনিবার সন্ধ্যায় ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এ অভিনেত্রীর মৃত্যুতে কলকাতার নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উৎপল দত্ত প্রতিষ্ঠিত ‘পিপলস্ লিটল থিয়েটার’-এর সদস্য হিসাবে নাট্যজীবন শুরু করেছিলেন তিনি। ষাটের দশকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘সাঁওতাল বিদ্রোহ’ নাটকের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন মায়া। অজিতেশ নান্দীকার গঠনের পর মায়াই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হন। বাংলা থিয়েটারের নবনাট্য আন্দোলনের মশাল এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাঁর বিশেষ অবদান ছিল।

নান্দীকারের প্রযোজনায় মায়ার প্রথম অভিনয় পিরানদেল্লোর নাটক অবলম্বনে ‘নাট্যকারের সন্ধানে ছ’টি চরিত্র’। পরিচালক ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এর পর মনোজ মিত্রের ‘চাক ভাঙা মধু’ এবং মোহিত চট্টোপাধ্যায়ের ‘রাজরক্ত’তেও নজর কাড়েন মায়া। পুরুষ অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেটের জিনিস বয়েছেন। ষাটের দশকের মঞ্চে ছড়িয়ে দিয়েছেন মায়া। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা নাট্যজগৎ।

জানা গিয়েছে, রবিবার বেলা ১১টায় অ্যাকাডেমি চত্বরে তার মরদেহ নিয়ে আসা হয়। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

আইএ/ ০৪ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language