গাজীপুর

গাজীপুরে ভুয়া ওসি গ্রেফতার

গাজীপুর, ৯ অক্টোবর- গাজীপুরে করোনার কারণে ব্যবসার আর্থিক ক্ষতি মেটাতে ওসি পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ লাখ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মো. ওসমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে সহিদ (৩৩)। তিনি ময়মনসিংহ জেলার ইশ^রগঞ্জ থানার রামনগর গ্রামের মো. রুশমত আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক ও স্থানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে ওসমান নিজেকে কালীগঞ্জ, শ্রীপুর, টঙ্গী, কোনাবাড়ি ও পূবাইলসহ গাজীপুরের বিভিন্ন থানাসহ নরসিংদীর পলাশ থানার ওসি বা ওসি (তদন্ত) হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে ও ওইসব কর্মকর্তাদের নাম ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা-কর্মীদের মোবাইলে ফোন করতো। সে মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

সম্প্রতি সে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলামের নাম ভাঙ্গিয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারণার বিষয়টি ধরা পড়লে মোয়াজ্জেম হোসেন বৃহস্পতিবার বিকেলে সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ওসমানের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাত দেড়টার দিকে জিএমপির পূবাইল থানার মীরের বাজারের (মাজু খান) রেলক্রসিং এলাকা হতে ওসমানকে গ্রেফতার করে। পরে ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী শিরিন আক্তারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ লাখ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার গ্রেফতারকৃত ওসমানকে আদালতে প্রেরণ করা হয়।

ওসি এ কে এম মিজানুল হক আরো জানান, মীরের বজার এলাকার আব্দুল আলীমের বাড়িতে সপরিবারে ভাড়া থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় ফলের ব্যবসা করতো ওসমান। করোনা পরিস্থিতির কারণে ব্যবসায় মন্দা হলে আর্থিক ক্ষতিগ্রস্ত হয় ওসমান। অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে সে প্রতারণার পথে নামে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে ওসমান।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আর/০৮:১৪/০৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language