চট্টগ্রাম

চাঁদা না পেয়ে ঠিকাদারকে পেটালেন চবি ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম, ১৬ নভেম্বর- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ নেতা সাদেক হোসেন টিপুর বিরুদ্ধে নির্মাণাধীন ভবনের ঠিকাদার মো. হেলালের কাছে চাঁদা দাবি ও তাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার তাকে মারধর করা হয়। টিপু বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক সংগঠন ভিএপ গ্রুপের অনুসারী এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মো. হেলাল জানান, দেড় বছর ধরে চবি পুলিশ ফাঁড়ির পূর্বদিকে লাল পাহাড় এলাকায় প্রক্টরসহ ১২ শিক্ষকের মালিকানায় নির্মাণাধীন আটতলা ভবনের কাজ চলছে। কাজ শুরুর পর বিভিন্ন সময় চাঁদার জন্য হুমকি দিয়ে আসছেন টিপু। গতকাল সোমবার পুলিশকে জানিয়ে তার সঙ্গে দেখা করতে যান তিনি। চাঁদা না দেওয়ায় সেখানে তাকে মারধর করেন টিপু।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রহিম জানান, হেলালকে মারধর করতে দেখে তাকে উদ্ধার করে পুলিশ। সে সময় পালিয়ে যান টিপু। বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানানো হয়েছে। চবির প্রক্টর ড. আতিকুর রহমান জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রক্টরিয়াল বডি। এ ঘটনায় ওই ভবনের মালিক শিক্ষকরাও অভিযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগ নেতা সাদেক হোসেন টিপুর ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সমকাল

আর/০৮:১৪/১৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language