জাতীয়

শাহজালালে দুই বিমানের সংঘর্ষ

ঢাকা, ০৪ জুলাই – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান অন্য আরেকটি বিমানের ডানায় ধাক্কা দিয়েছে। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের হ্যাঙ্গার এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিমানের বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ উভয় বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিলো। অন্যটি যাত্রী নামিয়ে পার্কিংয়ের দিকে আসছিলো তখনই এই সংঘর্ষ হয়। তবে এ সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ্‌ মোস্তফা কামালকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, সিঙ্গাপুর থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বোয়িং ৭৮৭ মডেলের একটি এয়ারক্রাফট যাত্রী নিয়ে ঢাকায় আসে। এয়ারক্রাফটের আর কোনো ফ্লাইট না থাকায় এটি হ্যাঙ্গারের দিকে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, রাত ৯টা ২০ মিনিটে হ্যাঙ্গারের পাশে নিয়ে যাওয়ার সময় বোয়িং-৭৩৭ এর বাম দিকের উইংয়ের সঙ্গে বোয়িং-৭৮৭ মডেলের এয়ারক্রাফটটির ডান দিকের উইংয়ে আঘাত লাগে। এতে বোয়িং-৭৩৭ এর বাম দিকের উইংয়ের লাইটের ওপরে ক্ষতিগ্রস্ত হয়, বোয়িং-৭৮৭ এর ডান উইংয়ের নিচের অংশে আঁচড় লাগে। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৪ জুলাই


Back to top button
🌐 Read in Your Language