বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুমানের উন্নতি, দূষিত শহরের তালিকায় অবস্থান ৩২তম

ঢাকা, ২৭ জুন – বর্ষা মৌসুমের বৃষ্টিপাতে রাজধানী ঢাকার বায়ুমানের দৃশ্যমান উন্নতি হয়েছে। দীর্ঘদিন বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করলেও এবার ঢাকার বায়ুমান সহনীয় পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন ৩২তম।
শনিবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এর লাইভ সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ৬৭। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস এখন মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। একই সময়ে ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা।
১৬৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। এই দুই শহরের বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া ভারতের দিল্লি, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, উগান্ডার কাম্পালা, কঙ্গোর কিনশাসা, চীনের উহান, ইসরায়েলের তেল আবিব, চিলির সান্তিয়াগো এবং ইরাকের বাগদাদ শহরের বায়ুমান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে অবস্থান করছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
স্কোর ৩০১ বা তার বেশি হলে সেই বাতাসকে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। বিশেষজ্ঞদের মতে, ঢাকা সাধারণত শুষ্ক মৌসুমে চরম বায়ুদূষণের শিকার হয়। তবে বর্ষা মৌসুমে নিয়মিত বৃষ্টিপাতের ফলে বাতাসের ধূলিকণা ও অন্যান্য দূষিত উপাদান ধুয়ে যাওয়ায় বায়ুমানের এই ইতিবাচক পরিবর্তন আসে।
এস এম/ ২৭ জুন ২০২৬









