শিক্ষা

টানা ১৯ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়

ঢাকা, ২৫ জুন – গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং আগামী ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

এদিকে চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে এ পরীক্ষা স্থগিত হলেও স্কুল-কলেজ আর খোলা হয়নি। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র নেই, সেগুলো খোলা রাখতে দেখা গেছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৫ জুন ২০২২

Back to top button
🌐 Read in Your Language