নাটক

অপূর্ব এবার রংমিস্ত্রি!

ঢাকা, ২২ এপ্রিল – ছোটবেলায় চিত্রশিল্পী হতে চাইলেও ভাগ্যের ফেরে মজিদ হয়ে যান রংমিস্ত্রি; থাকেন একটি বস্তিতে। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে লীনা। যার বিয়ে উপলক্ষে বাড়ি রং করার কাজ পান মজিদ। দু’জনার সামাজিক অবস্থান আকাশ পাতাল হলেও রংয়ের সুবাদে তাদের পরিচয় ও সখ্যতা। এরপর সময়ের বাঁক বদলে গল্প আগায় ভিন্ন দিকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘রং ঢং’। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে ঈদুল ফিতরের বিশেষ এই নাটক নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। রং-মিস্ত্রি মজিদের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। আর উচ্চবিত্ত লীনা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

নির্মাতা রিংকু নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন—‘নাটকের শুরুটা দেখলে অনেকেই আগাম যা ধরে নেবেন ঘটনা কিন্তু তা নয়। নাটকটির মূল গল্প প্রেমের, তবে সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়! আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।’

নাটকটির প্রযোজক শেখ শাহেদ আলী পাপ্পু জানান, ঈদুল ফিতরের বিশেষ আয়োজনে ‘রং ঢং’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এম এস, ২২ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language