দক্ষিণ এশিয়া

বিবিসির সম্প্রচার বন্ধ করলো তালেবান

কাবুল, ২৮ মার্চ – আফগানিস্তানে বিবিসি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীন তালেবান। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোকে তালেবান আন্তর্জাতিক পার্টনারদের থেকে নেওয়া কোনো কনটেন্ট প্রচার না করতে নির্দেশ দিলে বিবিসির তিনটি ভাষার সম্প্রচার বন্ধ করা হয়।

এদিকে বিবিসির সম্প্রচার বন্ধের এই অবস্থাকে ‘খুবই উদ্বেগজনক’ মন্তব্য করে বিবিসি বলেছে, পার্সিয়ান, পশতু এবং উজবেক ভাষার ৬০ লাখেরও বেশি মানুষ সম্প্রচার বন্ধের এই নির্দেশের কারণে বিবিসির সংবাদ সেবা থেকে বঞ্চিত হবেন। খবর বিবিসি অনলাইনের।

আফগানিস্তানে এখনো বিবিসির পার্সিয়ান ভাষার সম্প্রচার চলছে। তবে সেটি কেবল ২০ শতাংশ আফগান, যাদের স্যাটেলাইট টেলিভিশন আছে তারা দেখতে পারবেন। যদিও দেশটিতে বিবিসি অনলাইন এবং রেডিও সেবা চালু রয়েছে।

এর আগে তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকা, জার্মানির ডয়েচে ভেলে এবং চীনের চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধ করে দেয়।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ভাষা প্রধান তারিক কাফালা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আফগানরা ‘অনিশ্চিত এবং সংকটময়’ সময়ে পক্ষপাতহীন সাংবাদিকতা থেকে বঞ্চিত হলেন।

তিনি বলেন, আমরা তালেবানকে তাদের সিদ্ধান্ত প্রহ্যাহারের আহ্বান জানাই এবং অবিলম্বে আমাদের টিভি পার্টনারদের বিবিসির সংবাদ প্রচারের অনুমোদন দেওয়ার অনুরোধ করছি।

সূত্র: সমকাল
এম ইউ/২৮ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language