ফুটবল

মালদ্বীপের মাটিতে এবারও বাংলাদেশের হার

মালে, ২৫ মার্চ – ফিফা টায়ার ওয়ান আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই নিয়ে মালদ্বীপের মাটিতে তিন ম্যাচ খেলে সবকটিতেই হেরেছেন জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ১০টায় স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধে একটি গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরো একটি হজম করে হাভিয়ের কাবরেরার দল।

বিরতিতে যাওয়ার ৬ মিনিট আগে প্রথম গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৩৯ মিনিটে হাসান রাইফ বাংলাদেশের জালে প্রথম লক্ষ্যভেদ করে। ১-০ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলশোধে মরিয়া বাংলাদেশ আরো ১টি গোল হজম করে। ম্যাচের ৬১ মিনিটে ইবরাহীম হাসান দ্বিতীয় গোলটি করেন। শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করেও গোলশোধ করতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচ দিয়ে কোচ হিসেবে পথচলা শুরু হয়েছিল হাভিয়ের কাবরেরার। কিন্তু প্রথম ম্যাচে জয় দিয়ে রাঙানো হলো না তার। এবার ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচের অপেক্ষা। ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৫ মার্চ


Back to top button
🌐 Read in Your Language