জাতীয়

ডা. শফিকুর রহমানের সাথে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ: সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা

ঢাকা, ২৮ এপ্রিল – জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগাল এনালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম।

বৈঠকের শুরুতে প্রতিনিধি দলের প্রধান বিরোধীদলীয় নেতাকে তার গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশের সর্বশেষ সাধারণ নির্বাচন বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষণ রিপোর্ট ডা. শফিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

বৈঠকে সফররত মিশন জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি জানান যে, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে সেগুলো বাস্তবায়নে টালবাহানা করছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে ফেলতে পারে।

আলোচনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সহিংসতা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনাগুলো প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক ভারসাম্য ও প্রয়োজনীয় সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশমালা উপস্থাপন করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান ও আলী আহমাদ মাবরুর।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language