সারজিস আলমের মূত্রনালীতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের

ঢাকা, ২৮ এপ্রিল – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীতে পাথর ধরা পড়েছে। শারীরিক এই জটিলতার কারণে চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকেলে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এই তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে যে মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভূত হলে সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার বড় ভাইয়ের অসুস্থতার খবর জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









