জাতীয়

পলকের প্রিজন ভ্যানে আহত হওয়ার ঘটনায় আইনজীবীর ব্যাখ্যা, শুনানি পিছিয়ে ২১ মে

ঢাকা, ২৮ এপ্রিল – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ মে দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এই দিন ধার্য করা হয়। এদিন পলককে আদালতে হাজির করা হলে তিনি প্রিজন ভ্যানে চোট পাওয়ার কথা জানান। তবে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে এই আহত হওয়ার ঘটনাটি আজকের নয়।

কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সময় তিনি চোট পেয়েছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। ওই ঘটনায় ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলায় শেখ হাসিনাসহ ২০ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খান। মঙ্গলবার মামলার নির্ধারিত দিনে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়েছিল। আসামিপক্ষ থেকে সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য মে মাসের ২১ তারিখ নির্ধারণ করেন।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language