পুলিশে সৃষ্টি হচ্ছে আরও সাড়ে ১৪ হাজার নতুন পদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৮ এপ্রিল – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। জাতীয় সংসদে মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য প্রদান করেন। মন্ত্রী জানান, মোট পদের মধ্যে পুলিশ সদস্য হিসেবে ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ রয়েছে ২ হাজার ৭৬২টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন করে আরও ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টির প্রক্রিয়া চলমান রয়েছে।
এর মধ্যে ৫০০টি এএসপি পদ, ৪ হাজারটি নিরস্ত্র এসআই পদ এবং ১০ হাজারটি কনস্টেবল পদ অন্তর্ভুক্ত রয়েছে। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ২ হাজার ৭০৩টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের কার্যক্রম শুরু করেছে। এছাড়াও সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের পরিকল্পনাও সরকারের রয়েছে। সংসদ সদস্য আবুল হাসনাতের করা এক পৃথক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অপরাধ চিত্র ও আইনি পদক্ষেপের তথ্য তুলে ধরেন।
তিনি জানান, বর্তমান সরকারের আমলে সারাদেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে হত্যা মামলায় ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মন্ত্রী আরও বলেন যে, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের কঠোর সাজা নিশ্চিত করতে প্রতিটি মামলা অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। যথাযথ সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









