ঢালিউড

জানা গেল শার্লিন ফারজানার অন্তরালের গল্প

ঢাকা, ০৫ নভেম্বর- নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। বহুল প্রতীক্ষিত এ চলচ্চিত্র গত ২৩ অক্টোবর দেশের ৭টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। তারপর বর্ধিত হয়েছে আরো সিনেমা হলের সংখ্যা। সগৌরবে এখনো সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।

এ চলচ্চিত্রের নায়িকা চরিত্র নীরা রূপায়ন করেছেন শার্লিন ফারজানা। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু সিনেমাটির প্রচার থেকে শুরু করে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি শার্লিন ফারজানাকে। বরং অন্তরালেই ছিলেন তিনি।

সিনেমাটির মুক্তির দিন পরিচালক উজ্জ্বল বলেছিলেন—শার্লিন (শার্লিন ফারজানা) আমাদের সঙ্গে থাকতে পারছেন না। অসুস্থতার কারণে সিনেমাটির প্রচারেও থাকতে পারেননি। এজন্য আমাদের নীরার (শার্লিন ফারজানা) ভীষণ মন খারাপ!

তবে এ অভিনেত্রীর অসুস্থতার কারণ তখন জানাননি মাসুদ হাসান উজ্জ্বল। অবশেষে জানা গেল, এ অভিনেত্রীর অন্তরালে থাকার মূল গল্প। ঘটনা হলো, অন্তঃসত্ত্বা ছিলেন শার্লিন। মাতৃত্বকালীন বিশ্রামে থাকার কারণে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার প্রচারে ছিলেন না তিনি। শুধু তাই নয়, গত ১ নভেম্বর পুত্রসন্তানের মা হয়েছেন শার্লিন। পুত্রের নাম রেখেছেন ইয়াসিন এহসান। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শার্লিন। বিয়ের খবরও গোপন রেখেছিলেন। নিজের অভিনীত প্রথম সিনেমা মুক্তির ১৩ দিন আগে বিয়ের খবর জানান এই অভিনেত্রী।

সূত্রঃ রাইজিং বিডি
আডি/ ০৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language