‘একশো নালিশ’ নিয়ে আসছেন বুশরা

ঢাকা, ২১ মার্চ – বিয়ে হয়েছে সবে ৭ দিন, তবু এখনো বুশরা সুমিত দম্পতির মাঝে বৈবাহিক রসায়নটি সেইভাবে গড়ে উঠেনি। কল্পনাবিলাসী বুশরার বিয়ে পরবর্তী জীবন নিয়ে হাজারো স্বপ্ন এবং কল্পনা থাকলেও অন্তমুখী স্বভাবের সুমিত বুশরার সেইসব চাওয়া পাওয়া গুলোকে পুরোপুরি বুঝে উঠতে পারেনা। বুশরার মনে বাড়তে থাকে চাপা অভিমান। আর সেই অভিমান গুলোকে বুশরা এক এক করে লিখতে থাকে তার ‘নালিশ খাতায়’। বুশরা ও সুমিত দম্পতির মধ্যকার খুনসুটি ও মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে বুশরার নতুন মিউজিক ভিডিও ‘একশো নালিশ’।
গানটির কথা ও সুর করেছেন বুশরা নিজেই। আর সঙ্গীতায়োজনে ছিলেন সাজিদ সরকার। গল্পে বুশরার বিপরীতে দেখা যাবে মডেল সুমিত সেনগুপ্তকে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে ‘প্রেক্ষাগৃহ ভিজুয়াল ফ্যাক্টরি’। দিক নির্দেশনায় ছিলেন বিজয় কর্মকার এবং সিনেমেটোগ্রাফার হিসেবে ছিলেন মাসুম আহমেদ সুমন।
২দিনের শুটিং শেষে মিউজিক ভিডিওটি আছে এখন সম্পাদনার টেবিলে। আশা করা হচ্ছে এই মাসের ৩০ তারিখে বুশরা শাহরিয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
প্রসঙ্গত, গত বছরের বুশরার ‘তোমার যদি’ গানটি সহ অতীতের উৎসবের বাংলাদেশ, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘খেলাধুলার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি মিউজিক ভিডিও গুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।
এন এইচ, ২১ মার্চ







