ক্রিকেট

অবসর ভেঙে লঙ্কান প্রিমিয়র লিগে মাঠে ফিরছেন ইরফান পাঠান

নয়াদিল্লি, ০১ নভেম্বর- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পুনরায় মাঠে ফিরতে চলেছেন ইরফান পাঠান। এবার বিদেশি টি-২০ লিগে মাঠে নামতে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডারকে।

আসন্ন লঙ্কা প্রিমিয়র লিগে অংশ নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেন ইরফান। তিনি ক্যান্ডি টাস্কার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নামবেন। ক’দিন আগে ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির মালিকানা হাতে নিয়েছেন বলিউডের খান পরিবার। সলমন খানের ভাই সোহেল খান বিনিয়োগ করেছেন সংশ্লিষ্ট এলপিএল টিমে।

ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজিতে ৩৬ বছর বয়সী ইরফান মাঠে নামবেন ক্রিস গেইল, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে।

মাঝে রোড সেফটি চ্যারিটি টুর্নামেন্টে মাঠে নামা ছাড়া ইরফান গতবছর ফেব্রুয়ারির পর থেকে সেই অর্থে কোনও টি-২০ ম্যাচ খেলেননি। এই মুহূর্তে আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন তিনি।

এলপিএলে মাঠে নামার কথা স্বীকার করে ইরফান বলেন, ‘আমি অবসর নিয়েছি বটে, তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ ক্রিকেট খেলতে পারি। মাঠে নেমে খেলাটাকে উপভোগ করতে চাই, গত দু’বছরে যেটা করতে পারিনি। আমি সত্যিই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’

ইরফান পাঠান অবশ্য একা নন, লঙ্কা প্রিমিয়র লিগে মাঠে নামবেন ভারতের মনপ্রীত গোনিও। তিনি কলম্বো কিংসয়ের হয়ে প্রতিনিধিত্ব করবেন। মানবিন্দর বিসলারও লঙ্কা প্রিমিয়র লিগে মাঠে নামার কথা ছিল। তবে তিনি শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন। উল্লেখ্য, আমাগী ২১ নভেম্বর থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়র লিগের উদ্বোধনী আসর। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

সূত্র: হিন্দুস্তানটাইমস

আর/০৮:১৪/১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language