ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন আবাহনী

ঢাকা, ০৯ জানুয়ারি – টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ঢাকা আবাহনী। স্বাধীনতা কাপের সেরা দলটি এবার ছিনিয়ে নিল ফেডারেশন কাপে শিরোপাও। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে ধরাশায়ী করে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। আগেই তাদের ঝুলিতে রেকর্ড ১১টি শিরোপা ছিল ফেডারেশন কাপের। আরো একটি ফেড কাপের শিরোপা শোকেসে তুলে রেকর্ডটা ভারী করলো মারিও লেমোসের শিষ্যরা।
এই নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতল আকাশী-নীল জার্সিধারীরা। এর আগে বসুন্ধরা কিংসকে হারিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি।
কমলাপুর স্টেডিয়ামে শুরুর দিকে আবাহনীকে ভালোভাবেই চেপে ধরে রহমতগঞ্জ। কিন্তু ফেডারেশন কাপের রেকর্ড শিরোপা জয়ের অভিজ্ঞতা নিয়ে আবহনী গুছিয়ে উঠে একটু একটু করে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পান দানিয়েল কলিন্দ্রেস। বিরতির পর ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আকাশি-নীল জার্সিধারীরা। এ সময় বক্সের মধ্য থেকে দারুণ সুযোগ কাজ লাগিয়ে গোল করেন ফরোয়ার্ড রাকিব।
গোল হজমের ছয় মিনিট পর আজাহর গোলে ঘুরে দাঁড়ায় রহমতগঞ্জ। শাহরিয়ার বাপ্পীর বাড়ানো থ্রু পাস ধরে ডিফেন্ডার মামুন মিয়াকে কাটানোর পর ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক শহিদুলের বাধা পেরিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। বাকি সময়ে আর ব্যবধান কমাতে পারেনি রহমতগঞ্জ। আবাহনী ২-১ ব্যবধানটা ধরে মৌসুমের দ্বিতীয় ট্রফি নিয়ে ঘরে ফিরেছে।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৯ জানুয়ারি









