বাগেরহাট

বাগেরহাটে গভীর রাতে শিক্ষক-ছাত্রীর চ্যাট, ফাঁস হওয়ার পর তোলপাড়

বাগেরহাট, ০৯ জানুয়ারি – “হাসি খুশি মানুষ আমার খুব পছন্দ, তোমার সেই হাসি খুশি মুখ আমার এখনও মনে আছে”-এভাবেই সাবেক এক স্কুল শিক্ষার্থীর সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং (গালগল্প) করে সমালোচনার মুখে পড়েছেন বাগেরহাটের মোংলার এক প্রধান শিক্ষক।

তিনি গভীর রাতে ওই শিক্ষার্থীর ফেসবুক মেসেঞ্জারে এসব লিখেছেন। যা ফেসবুকে শেয়ার হওয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। নূর নাহার নয়না নামের ওই শিক্ষার্থী নিজেই তাঁর ফেসবুকে তা শেয়ার করেন।

জানতে চাইলে মোংলা গার্লস স্কুলের প্রধান শিক্ষক নরেশ হালদার বলেন, “নয়না একসময় আমার ছাত্রী ছিল, তার সঙ্গে (শিক্ষার্থী) যেটা হয়েছে সেটা এমন আপত্তিকর কিছুই নয়। যেহেতু সে অবিবাহিত, এজন্য আমি ছাত্রীর দৃষ্টিতেই তাঁর সঙ্গে কথা বলেছি”।

এদিকে, ওই শিক্ষার্থীর ফেসবুকে গিয়ে দেখা যায়, তিনি সেখানে লিখেছেন- “আহ্ মাই ফেবারিট টিচার! (লাভ রিয়্যাক্ট) ….সব থেকে বড় কথা, আমার সম্মানীয় টিচার এত বছর পরেও আমাকে মনে রেখেছে, সত্যিই আমি খুব লাকী স্টুডেন্ট”।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর গার্লস স্কুলের অন্যসব শিক্ষার্থীদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন প্রধান শিক্ষকের কাছে এটা আশা করা যায় না। এর বিচার হওয়া উচিৎ।

এদিকে এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল কুদ্দুস বলেন, প্রধান শিক্ষক নরেশ হালদারকে প্রাথমিকভাবে সতর্ক করব। এরপরেও এরকম আবার কিছু হলে পরবর্তিতে ব্যবস্থা নেব।

সূত্র : পূর্বপশ্চিমবিডি
এন এইচ, ০৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language