জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি করে প্রত্যাহার করা হলো সুনামি সতর্কতা

টোকিও, ৩ জুলাই – জাপানের দক্ষিণাঞ্চলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে ওকিনাওয়া জেলাসহ আশেপাশের অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
এখন পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওকিনাওয়া জেলার মিয়াকো দ্বীপের হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর পূর্বে।
এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। অগভীর উৎস হওয়ার কারণে কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত।
এখানে প্রায়ই ছোট বড় ভূকম্পন অনুভূত হয়। ইতিপূর্বে ২০১১ সালের ১১ মার্চ জাপানে ৯.১ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমান ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি চালিয়েছে দেশটির ভূমিকম্প গবেষণা সংস্থা।
এস এম/ ৩ জুলাই ২০২৬









