বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ আরোহীর মৃত্যু

বাগেরহাট, ২০ মে – বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে বাগেরহাটের ভট্ট বালিয়াঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাটের ফকিরহাট থানার আব্দুল কাদের ফারাজী এবং খুলনার দাকোপ এলাকার বাসিন্দা বাহাদুর শিকদার ও মনির হোসেন মুন্না। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খুলনাগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই আব্দুল কাদেরের মৃত্যু হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় অপর দুই আরোহীকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তারা মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করেছে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে। মহাসড়কে এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এস এম/ ২০ মে ২০২৬









