ইউরোপ

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়িয়েছে

লন্ডন, ০৯ জানুয়ারি – ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। এ দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর দিক দিয়ে বিশ্বের সপ্তম দেশের তালিকায় রয়েছে এই দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ভারত এবং পেরুর পরের অবস্থানে রয়েছে তারা।

ওমিক্রন আতঙ্কের মধ্যেই বিশ্বব্যাপী করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। শুধু যুক্তরাজ্যেই গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন আক্রান্তের মিছিলে যোগ হচ্ছেন লক্ষাধিক মানুষ।

গত সপ্তাহে দেশটিতে ১২ লাখ ২৭ হাজার ২৮৮ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৭১ জন। যা আগের সপ্তাহের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

শনিবার নতুন করে আরও ৩১৩ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৭ জনে। যুক্তরাজ্যে প্রথম ইউরোপীয় দেশ, যেখানে করোনায় দেড় লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করল।

একই সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৩৯০ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ জন। শুক্রবার (৭ জানুয়ারি) করোনায় মৃত্যু হয়েছিল ২২৯ জনের। আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৮ হাজার ২৫০ জন।

যুক্তরাজ্যে ৮ জানুয়ারি পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৮১৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৬ লক্ষ ৩২ হাজার ৪৮৩ জন। তৃতীয় ডোজ (বুস্টার) নিয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে। আর করোনার ওমিক্রন ধরণের আতঙ্কের মধ্যে রয়েছে গোটা বিশ্ব।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language