ফুটবল

স্থগিত লিভারপুল-আর্সেনালের লিগ কাপ সেমিফাইনাল

স্থগিত করা হলো আর্সেনালের বিপক্ষে লিভারপুলের ইংলিশ লিগ কাপ সেমিফাইনাল। বুধবার (৫ জানুয়ারি) লিভারপুল দলে করোনার হানায় ক্লাবটি তাদের ট্রেনিং সেন্টার বন্ধ করতে বাধ্য হয়।

বৃহস্পতিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগ হওয়ার কথা ছিল। এই ম্যাচটি এখন হবে ১৩ জানুয়ারি এনফিল্ডে। ২০ জানুয়ারি দ্বিতীয় লেগ হবে এমিরেটসে।

ম্যাচটি স্থগিতের ব্যাপারে আর্সেনাল ও প্রতিযোগিতার আয়োজকরা সম্মতি দেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছে লিভারপুল।

ক্লাবটি জানায়, মঙ্গলবারের করোনা টেস্টে একাধিক খেলোয়াড় ও স্টাফ পজিটিভ হয়েছেন, তাদের মধ্যে একজন কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি আইসোলেশনে থাকায় ডাগআউটে থাকবেন পেপিন লিন্ডার্স।

জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে লিভারপুল বুধবার অস্থায়ীভাবে তাদের প্রথম দলের ট্রেনিংয়ের সুযোগ সুবিধা বন্ধ করে দেয়। মঙ্গলবার বাতিল করা হয় অনুশীলন।

আগেও কয়েকজনের করোনা, ইনজুরি ও নেশনস কাপ খেলতে যাওয়া ফুটবলারদের অনুপস্থিতিতে শূন্যতা তৈরি হয়েছে লিভারপুলে।

সম্প্রতি ইংল্যান্ডে করোনা হু হু করে বাড়ছে। তার প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায়। গত কয়েক সপ্তাহে ১৮টি প্রিমিয়ার লিগ ম্যাচ স্থগিত হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৫ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language