থমকে গেলো চিত্রাঙ্গদার বিয়ে

কলকাতা, ৩১ ডিসেম্বর – চলতি বছরের শুরুতে দীর্ঘ দিনের প্রেমিক সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগদান সারেন টলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। কথা ছিল, ২০২২ সালের শুরুতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই যুগল। কিন্তু চিত্রাঙ্গদা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে থমকে গেলো বিয়ে।
চিত্রাঙ্গদার মা চলচ্চিত্র পরিচালক শতরূপা সান্যাল এসব তথ্য জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। মন খারাপের কথা জানিয়ে এ পরিচালক লিখেন, ‘নতুন বছরের শুরুতে আমার ঘরে উৎসব হওয়ার কথা। আমার মেয়ে চিত্রাঙ্গদার বিয়ে সম্বিতের সঙ্গে। সব আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ। কিন্তু কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণ আমার ঘরেও ঢুকলো। চিত্রাঙ্গদার কোভিড রিপোর্ট পজিটিভ। সবার মন খারাপ।’
সেন্ট সেভিয়ার্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। প্রায় ১১-১২ বছরের পরিচয় তাদের। তবে প্রেমের সম্পর্কে জড়ান কলেজ জীবনের শেষের দিকে। তারা দুজনেই মুম্বাইয়ে থাকেন।
চিত্রাঙ্গদা ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তার হবু বর সম্বিত পেশায় পারকাশনিস্ট। ২০১৮ সালে ড্রামার হিসেবে কমনওয়েলথ গেমস গোল্ড কোস্টে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। ক্যারিয়ারে বহু বিখ্যাত শিল্পীকে সঙ্গ দিয়েছেন সম্বিত।
এন এইচ, ৩১ ডিসেম্বর









