ঢালিউড

আবারও হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

ঢাকা, ০৯ ডিসেম্বর – আবারও অসুস্থ বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তিনি হার্টের সমস্যায় ভুগছেন। তথ্যটি নিশ্চিত করেছেন গুণী এই পরিচালক নিজেই। তিনি বলেন, ‘আমি হাসপাতালে আছি। আমার ইসিজি করা হচ্ছে। এর বেশকিছু এখন বলতে পারছি না।’

এদিকে, বাবা কাজী হায়াতের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

তিনি ফেসবুকে লেখেন, ‘আমার বাবার অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারো ব্লক হয়েছে আব্বুর।’

তিনি আরও লিখেছেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো এবারও যেন সবাই আব্বুর পাশে থাকেন। যাতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার আব্বুকে আপনাদের দোয়াতে মনে রাখবেন।’

এর আগে, চলতি বছর মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হন বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি। বছরখানেক আগে যুক্তরাষ্ট্রে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

এন এইচ, ০৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language