জাতীয়

করোনায় একদিনে মৃত্যু ৩, কমেছে শনাক্ত

ঢাকা, ০৩ ডিসেম্বর – দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮৯ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। যা আগের দিনের তুলনায় কম। বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছিল ২৬১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৩৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ ও ১ জন নারী। এ সময়ে ঢাকায় ২ ও খুলনায় ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র: সমকাল
এম ইউ/০৩ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language