অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঢাকা, ২৮ নভেম্বর – ৩৪ লাখ ৭১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তিতাস গ্যাসের মতিঝিল শাখার ব্যবস্থাপক মো. মহিদুর রহমান বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক মো. আতাউর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযােগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
দুদকের তলবের নোটিশ তিতাস গ্যাস কর্মকর্তা মাে. মহিদুর রহমান সংস্থাটিতে সম্পদ বিবরণী জমা দেন। যেখানে তিনি রাজধানীর খিলগাঁও মৌজায় টিনসেড স্থাপনাসহ ২ দশমিক ৫ কাঠা জমি, খিলগাঁও থানার শহর খিলগাঁও মৌজায় ২ দশমিক ৬ কাঠা জমি, বাড্ডা থানার কাঠালদিয়া মৌজায় শূন্য দশমিক ৮০ কাঠা জমি ও টাঙ্গাইলের নাগরপুর থানার বাগকাটারী মৌজায় ৮৯ শতাংশ জমি, টাকা, স্বর্ণালংকারসহ ৮২ লাখ ৩৪ হাজার ৮৪৫ টাকার সম্পদের কথা তুলে ধরেন।
তবে, অনুসন্ধানে তিতাসের এ কর্মকর্তার ৪৭ লাখ ৬৩ হাজার ৮৪৫ টাকার বৈধ সম্পদের সন্ধান পায় দুদক। তিতাস গ্যাসে অনিয়ম অনুসন্ধানে গত দুই মাসে বিভিন্ন শাখার ডজন খানেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক, তাদের বিরুদ্ধে শিগগির অভিযোগপত্র দেওয়া হতে পারে বলেও জানা গেছে।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৮ নভেম্বর ২০২১









