বলিউড

‘বিগ বস’-এ ঢোকার আগেই পালালেন প্রতিযোগী!

মুম্বাই, ২৮ সেপ্টেম্বর – আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৫’। ইতোমধ্যে সকল প্রস্তুতি শুরুও হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন প্রতিযোগীরা।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের এক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পালিয়ে গেছেন প্রতিযোগী আফসানা খান। স্পটবয় ডটকম জানিয়েছে, হোটেল কক্ষে প্যানিক অ্যাটাক হয় এই পাঞ্জাবি গায়িকার। পরবর্তী সময়ে তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু হোটেল ছেড়ে পাঞ্জাবে ফিরে গেছেন তিনি।

যদিও এই গায়িকার ম্যানেজারের বরাত দিয়ে বলিউডলাইফ ডটকম জানিয়েছে, খবরটি মিথ্যা এবং বিগ বস প্রতিযোগী হিসেবে অবশ্যই আফসানা খানকে দেখা যাবে। অন্যদিকে, ‘বিগ বস’ কর্তৃপক্ষের তরফ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

‘বিগ বস’র এবারের থিম ‘জঙ্গল’। মূল পর্বে প্রবেশের আগে জঙ্গলে থাকতে হবে প্রতিযোগীদের। এজন্য বিভিন্ন স্থানে ২৫০টি ক্যামেরা সেট করা হয়েছে। এই ক্যামেরাগুলো ৩৬০ ডিগ্রি ঘুরে কাভারেজ দিতে পারবে। এগুলো নিয়ন্ত্রণের জন্য থাকবে জয়স্টিকস।

ইতোমধ্যে প্রতিযোগী হিসেবে চূড়ান্ত হয়েছেন— শমিতা শেঠি, ডোনাল বিস্ট, প্রতীক সেহাকপাল, উমর রিয়াজ, আফসানা খান এবং নিশান্ত ভাট। এছাড়া রোনিত রয়, করন কুন্দ্রা, টিনা দত্ত, রিম শেখ, নেহা মার্দা প্রমুখ এই শোয়ে যোগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এন এইচ, ২৮ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language