মেট গালা ২০২৬: অনুপস্থিত থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ভক্তদের মধ্যে হতাশা

মুম্বাই, ০৩ মে – বিশ্ব ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজন ‘মেট গালা’ আবারও আসছে ২০২৬ সালে, তবে এবারের আসরে থাকছে একটি বড় অনুপস্থিতি। বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এবার নিউ ইয়র্কের সেই আইকনিক লাল গালিচায় হাঁটবেন না।
প্রতি বছর মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে বিশ্বের শীর্ষ তারকারা অংশ নেন। গত কয়েক বছর ধরে প্রিয়াঙ্কা চোপড়া এই ইভেন্টে নিয়মিত উপস্থিত থেকে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় ভারতীয় প্রতিনিধিত্ব আরও উজ্জ্বল করেছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি কোনো ঘোষণা না দিলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে—তার বর্তমান কাজের চাপই মূলত মেট গালা থেকে বিরত থাকার কারণ।
তার হাতে এখন একাধিক আন্তর্জাতিক প্রজেক্ট রয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় ব্যস্ততা চলছে এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’ নিয়ে। এই ছবির শুটিংয়ের জন্য মে মাসের প্রথম সপ্তাহের পুরো সময়ই আগে থেকে বরাদ্দ রয়েছে, যা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।
প্রিয়াঙ্কা চোপড়া প্রথমবার মেট গালার লাল গালিচায় হাঁটেন ২০১৭ সালে। এরপর ২০১৯ এবং ২০২৩ সালেও তিনি তার অনন্য ফ্যাশন সেন্স ও সাহসী লুক দিয়ে বিশ্ব মিডিয়ার নজর কাড়েন। বিশেষ করে স্বামী নিক জোনাসের সঙ্গে তার উপস্থিতি এবং রেড কার্পেটে তাদের রসায়ন সবসময়ই আলাদা আকর্ষণ তৈরি করেছে ফটোগ্রাফার ও দর্শকদের জন্য।
প্রিয়াঙ্কার অনুপস্থিতির খবর ভক্তদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে। কারণ ফ্যাশন দুনিয়ার এই গ্লোবাল ইভেন্টে তার উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে একই সঙ্গে ভক্তরা এখন অপেক্ষা করছেন এসএস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে তার নতুন চরিত্র ও লুক দেখার জন্য, যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
মেট গালা ২০২৬ হয়তো প্রিয়াঙ্কা চোপড়ার রঙিন উপস্থিতি ছাড়া কিছুটা ম্লান লাগবে ভক্তদের কাছে, তবে তার নতুন সিনেমা ও আন্তর্জাতিক প্রজেক্টগুলো ঘিরে আগ্রহ আরও বাড়ছে। ফ্যাশনের মঞ্চে না থাকলেও, বিনোদন দুনিয়ায় তার যাত্রা যে আরও বড় পরিসরে এগিয়ে যাচ্ছে, তা স্পষ্ট।
এনএন/ ০৩ মে ২০২৬









