নাটক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত লাক্স তারকা তুষি ও অভিনেতা রাজ

তুহিন খান নিহাল

ঢাকা, ২৭ আগস্ট – রাজধানীর গুলশান এলাকায় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন লাক্স তারকা নাজিফা তুষি ও অভিনেতা শরিফুল রাজ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে গুলশান অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। প্রবল ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে তুষি-রাজ ছাড়াও ছিলেন আরো তিনজন।

ঘটনাস্থলে উপস্থিত একজন জানান, গুলশান থেকে বাসায় ফেরার পথে ঘটনাটি তার চোখে পড়ে। সেখানে নাজিফা তুষি ও শরিফুল রাজকে দেখতে পান তিনি।

গুলশান থানার ডিউটি অফিসার বলেন, গাড়িতে থাকা পাঁচজনতে উদ্ধার করা হয়েছে। এদের কয়েকজন আহত হয়েছেন। আমরা গাড়ি জব্দ করেছি। আহতদের উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে।

ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ জানান, আহত সবাইকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

অভিনেতা শরিফুলের ছোটভাই জানান, তাদের সবার অবস্থা এখন ভালো আছে। সবাই দোয়া করবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন নাজিফা তুষি। তিনি নিয়মিত কাজ করেন শোবিজে। আর শরিফুল রাজের দেখা মিলেছে বেশ কয়েকটি সিনেমায়।

এম ইউ/২৭ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language