সোফায় বসে রান্না করেন মাহিয়া মাহি! (ভিডিও)

ঢাকা, ১১ আগস্ট – ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। করোনার কারণে ঘরবন্দী এই অভিনেত্রী সময় পার করছেন ব্যক্তিগত ও সাংসারিক কাজে, যার প্রমাণ মেলে ফেসবুকে। তার ভক্ত-অনুসারীরাও নেহাত কম না, যারা নিয়মিতই প্রিয় এই শিল্পীকে অনুসরণ করে থাকেন। করেন নানা মন্তব্যও।
গতকাল মঙ্গলবার রাতে মাহি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, মাহি রান্না করছেন। তবে কোনো রান্না ঘরে নয়, বাসার সোফায় বসে! আর ক্যাপশনে লিখেছেন, ‘ভুনা খিচুড়ি রান্না করি। কারণ কালকে থেকে জিম শুরু।’
রান্না করতে করতে মাহি বলেন, ‘অনেক দিন পর রান্না করছি। অবশ্য কোরবানির ঈদে গরুর কালাভুনা করার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা কালা হয়নি, অন্যরকম কিছু একটা হয়ে গেছে। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব।’
মজার ছলে ভিডিওটি প্রকাশ করলেও নেটদুনিয়ায় তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। মাহির এমন রান্নায় বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন অনেকেই।
একজন লিখেছেন, ‘বাহ সেজেগুজে, ঠোঁটে ইচ্ছামতো লিপস্টিক দিয়ে, সোফায় বসে রান্না। আদৌ এইটা কি রান্না? নাকি তামাশা চলতাছে-এটাই বুঝলাম না!’ অন্য একজন লিখেছেন, ‘এক জীবনে বেডরুমে খিচুড়ি রান্না করা দেখাটা বাকি ছিল।’
মাসুম বিল্লাহ লিখেছেন, ‘মানে ব্যাপারটা হইল, ইয়ার্কি পাইছ? সোফায় বইসা, বালিশ কোলে নিয়া কিসের খিচুড়ি রান্না? বুঝলাম, আতঙ্কে আছ, তাই বইলা এইসব উল্টাপাল্টা কাজ কারবার? এই অবস্থা চলতে থাকলে ডিবি/র্যাবের অভিযান না হলেও পাবনার অভিযানে হেমায়েতপুর নিয়ে যাবে।’
সুরাইয়া জাহান লিখেছেন, ‘আরাম আয়েশেরও একটা সীমা থাকে! সোফায় বসে, এসি ছেড়ে শুধু নাড়াচাড়া করলাম হয়ে গেলো খিচুড়ি।’ রিপন নামে একজন লিখেছেন, ‘আরও কত রঙের ঢং যে দেখতে হবে সোশাল মিডিয়ার বদৌলতে, আল্লহই ভালো জানেন। জিম করবে তাই ভাত খাবে না, ভুনা খিচুড়ি খাবে। গেস্টরুমে রান্না বসাইছে!’
এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য পড়েছে মাহির রান্নার ভিডিওটিতে। এর কয়েক দিন আগে মাহি হিজাব পরা দুটি ছবি পোস্ট করে জানান, তিনি দিনরাত ‘আলহামদুলিল্লাহ্’ পড়ছেন। এর মাধ্যমে আল্লাহ্র সন্তুষ্টি লাভের চেষ্টা করছেন। সেই পোস্টেও তার অনুসারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিল।
এন এইচ, ১১ আগস্ট









