বাবার প্রতারণা মামলা নিয়ে মুখ খুললেন পূজা চেরি

ঢাকা, ২৬ এপ্রিল – চিত্রনায়িকা পূজা চেরি তার বাবার বিরুদ্ধে ওঠা বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ও গ্রেফতারের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, বাবার ব্যবসায়িক লেনদেন বা আইনি জটিলতার সঙ্গে তার পেশাগত বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় পূজা চেরি বলেন, গত এক দশক ধরে তিনি বিনোদন অঙ্গনে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়েছেন এবং নিজের ব্যয়ভার নিজেই বহন করেন। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তিনি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত।
বিভ্রান্তি এড়াতে তিনি সকলকে অনুরোধ করেছেন যেন তাকে বা তার অভিনয় জীবনকে এই ঘটনার সঙ্গে না জড়ানো হয়।
উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি ২০ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মিজানুর রহমান নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে কয়েক দফায় বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন তিনি।
পূজা চেরি আশা প্রকাশ করেন যে, প্রচলিত আইনের মাধ্যমে সত্য উদঘাটিত হবে। তিনি তার শুভাকাঙ্ক্ষী ও সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









