ঝিনাইদহে আরও ১৫ জনের মৃত্যু

ঝিনাইদহ, ১০ জুলাই – ঝিনাইদহে কৃষকলীগ, বিএনপি ও জামায়াতের তিন নেতাসহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এছাড়া উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত এই ফলাফল হাতে পেয়েছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের।
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের জেলা সেক্রেটারি নুর মোহাম্মদ ও আদর্শপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার সেরেগুল ইসলাম শনিবার ভোরে মারা যান। দুপুরে করোনায় মৃত্যুবরণ করেন মহেশপুর উপজেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ চাঁদ আলী।
গান্না ইউনিয়নের কাশিমনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুল ইসলাম মাসুম করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বিকালে মারা যান। মৃত্যুর পর ভয়ে কেউ তার লাশ দাফন করতে যাচ্ছিল না। মৃত্যুর ৪ ঘণ্টা পর ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে মাসুমের লাশ দাফন করা হয়।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন ৬ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন।
এদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, প্রতিদিন ৫/৬ জন করে লাশ দাফন করতে করতে তাদের কর্মীরা অনেকটা হাফিয়ে উঠেছে। দিনরাত খবর পেলেই শহর থেকে গ্রামে ছুটে যাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্যরা। অথচ তাদের যাতায়াতের জন্য গাড়ি নেই। নেই সরকারি বরাদ্দ। ফলে মানবিক দিক বিবেচনা করে আঞ্জুমানে মফিদুল ইসলাম ও প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে লাশ দাফন কমিটি গঠনের দাবি উঠেছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ জুলাই









