নোয়াখালী

নোয়াখালীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭৬ হাজার টাকা জরিমানা

নোয়াখালী , ০৫ জুলাই – নোয়াখালীতে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এদিন স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২২ মামলায় ৭৬ হাজার ৮০০টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জুলাই) দিনভর জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা প্রশাসক খোরশেদ আলম খানের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের তত্ত্বাবধানে করোনা সংক্রমণ রোধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৮টিম অভিযান চালিয়ে ১২২ মামলায় ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন তৎপর রয়েছে। সমাজে আইন অমান্য করার প্রবণতা রয়েছে। লকডাউন থাকা সত্ত্বেও মানুষজন নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন। বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।

জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, সরকারি নির্দেশনা মতে লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অকারণে কেউ আড্ডা দিলে, ঘরের বাইরে বের হলে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন বের হতে না পারে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ০৫ জুলাই

Back to top button
🌐 Read in Your Language